নিউজ ডেক্স : নওগাঁর পোরশা উপজেলায় কাদা মাটির নিচ থেকে প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকারও বেশি বলে জানা গেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় লোকজন মোবাইল ফোনের মাধ্যমে পোরশা থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানান। তারা জানান, উপজেলার ঘাটনগর ইউনিয়নের ঘাটনগর কানাপাড়া গ্রামের কুজা পুকুরের পশ্চিম পাশে পানির ধারে কাদা মাটির নিচে একটি কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি পড়ে রয়েছে।
খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জ পুলিশ সদস্যদের নিয়ে বিকেল আনুমানিক ৪টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে কাদা মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় থাকা মূর্তিটি উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা আনুমানিক ২৫ ইঞ্চি এবং প্রস্থ ১১ ইঞ্চি। এর ওজন প্রায় ১৯ কেজি ৮০০ গ্রাম। প্রাথমিকভাবে মূর্তিটির মূল্য ১০ লাখ টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারের পর মূর্তিটি বর্তমানে পোরশা থানা পুলিশের হেফাজতে সংরক্ষিত রয়েছে। মূর্তিটি প্রকৃতপক্ষে কষ্টিপাথরের তৈরি কি না এবং এর ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক গুরুত্ব রয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক চেতনার কন্ঠ