স্টাফ রিপোর্টার : নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে জনগণের সহায়তায় মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর থানাধীন তাজের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন—তৌফিকুর রহমান ওরফে শাকিল আহমেদ ওরফে জুবায়ের ইসলাম জিম (২২)। তিনি বগুড়ার আদমদীঘি থানার সান্তাহার (হলুদ ঘর) এলাকার রাজু আহমেদের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয় জনগণের সহায়তায় জিমকে আটক করার পর তার কাছ থেকে একটি মাস্টার কি ও একটি মোটরসাইকেলের চাবি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তার বিরুদ্ধে বগুড়া ও নওগাঁ জেলায় মোটরসাইকেল চুরিসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত জিম গত ৩-৪ মাস ধরে নওগাঁ শহরের তাজের মোড় বউবাজার এলাকায় নাজমুলের বেকারি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিলেন। দোকানে কাজ করার পাশাপাশি সুযোগ বুঝে বিভিন্ন মানুষের মোটরসাইকেল চুরি করতেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় জড়িত চোর চক্রের অপর দুই সদস্য ইতোমধ্যে কারাগারে রয়েছে বলেও পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃত জিমকে জিজ্ঞাসাবাদসহ এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে নওগাঁ সদর থানা পুলিশ।
দৈনিক চেতনার কন্ঠ