ঢাকা | বঙ্গাব্দ

মহাসড়কে গাড়ির চাকায় প্রাণ গেল অজ্ঞাত নারীর, ঘাতক গাড়ি উধাও

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2026 ইং
মহাসড়কে গাড়ির চাকায় প্রাণ গেল অজ্ঞাত নারীর, ঘাতক গাড়ি উধাও ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় আনুমানিক ৫৮ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে নয়নপুর এলাকার হামিম ডেনিম লিমিটেড কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে পালিয়ে যায় চালক। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে ওই নারী নয়নপুরের দিক থেকে মহাসড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। হামিম ডেনিম লিমিটেড কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে ঢাকাগামী একটি অজ্ঞাত গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। পরে গাড়িটি তাঁর শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় দোকানি শ্যামল বলেন, নিহত নারীর পরনে ছিল কালো রঙের ফুলের নকশাযুক্ত জামা-কামিজ, উজ্জ্বল গোলাপি রঙের পায়জামা ও ফুলের নকশাযুক্ত কালো রঙের ওড়না। দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে যায়। মাথার কাছেও রক্তের দাগ দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে হামিম ডেনিম লিমিটেড কারখানার এক নিরাপত্তাকর্মী বলেন, ভোরে মহাসড়কে বিকট শব্দ শুনে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে সড়কের ওপর ওই নারীকে পড়ে থাকতে দেখেন।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, মহাসড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি ওই নারীকে ধাক্কা দেয়। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্ত করে চালককে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু