স্টাফ রিপোর্টার : নওগাঁর ধামইরহাট উপজেলায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর, জনবান্ধব ও গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট ২০২৬) ধামইরহাট থানাধীন ইসবপুর উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব, জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তোলা, অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশেষভাবে মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূল করতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয়; পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “জনগণের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া কার্যকর পুলিশিং সম্ভব নয়।” পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং তথ্য আদান-প্রদানের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
তিনি উপস্থিত সবাইকে মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে এলাকায় কোনো অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা দেখা দিলে কিংবা আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
সভায় ধামইরহাট থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কে এম লায়েক আলী, সহ-সভাপতি আলহাজ মো. হানজালা, সহ-সভাপতি মো. শামীম কবির মিল্টন, ইসবপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. হিরো এবং ৭ নম্বর ওয়ার্ড, ইসবপুর কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ কর্মকর্তা এবং কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে পুলিশ সুপারের দিকনির্দেশনার প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন। তারা মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধ ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ জন্য পুলিশের সঙ্গে স্থানীয় জনগণের সহযোগিতা ও সমন্বয় আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে উপস্থিত কমিউনিটি পুলিশিং সদস্য ও স্থানীয়রা মাদকমুক্ত, বাল্যবিবাহমুক্ত, কিশোর অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
দৈনিক চেতনার কন্ঠ