জুনাঈদ আল হাবিব বিজ্ঞাপন ব্যবস্থাপ
শনিবার (১ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের চরপাড়া শ্রীনগর এলাকায় বজ্রপাতে মোমিন মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
নিহত মোমিন মিয়া ওই গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। তিনি এক মেয়ে ও দুই ছেলের জনক ছিলেন। আহতরা হলেন— একই এলাকার মৃত আবেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৫৫) এবং মৃত মোসলেম উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মোমিন মিয়া ধানখেতে কাজ করছিলেন। হালকা বৃষ্টি শুরু হলে তিনি ও আরও দুই ব্যক্তি পাশের একটি গাছের নিচে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে মোমিন মিয়া ঘটনাস্থলেই মারা যান। অপর দুইজন বজ্রপাতের আঘাতে ছিটকে পড়ে আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোমিন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আব্দুর রাজ্জাক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত ব্যক্তি হুমায়ুন কবির প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর ঘটনায় মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আহতদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অন্যজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
দৈনিক চেতনার কন্ঠ