আনোয়ার হোসেন
স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফুড ফিডিং কার্যক্রম কয়েক দিন ধরে বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে কমে গেছে। উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর প্রভাব পড়েছে বলে জানা গেছে। স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের অনেক শিক্ষার্থী এই ফুড ফিডিং কর্মসূচির ওপর নির্ভরশীল। প্রতিদিনের খাবারের আশায় তারা নিয়মিত বিদ্যালয়ে আসত। কিন্তু হঠাৎ করে খাবার বিতরণ বন্ধ হয়ে যাওয়ায় অনেক শিক্ষার্থী স্কুলে আসা কমিয়ে দিয়েছে। একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জানান, আগে যেখানে প্রতিদিন প্রায় শতভাগ উপস্থিতি থাকতো। বিশেষ করে নিম্ন শ্রেণির শিক্ষার্থীদের উপস্থিতি বেশি কমে গেছে। অভিভাবকদের অভিযোগ, ফুড ফিডিং কর্মসূচি বন্ধ হওয়ায় শিশুদের স্কুলে পাঠাতে আগ্রহ কমে গেছে। অনেক ক্ষেত্রে শিশুরা বাড়িতে থেকে যাচ্ছে বা পরিবারের কাজে যুক্ত হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সরবরাহ সংক্রান্ত কিছু জটিলতার কারণে সাময়িকভাবে এই কার্যক্রম বন্ধ রয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে পুনরায় খাবার বিতরণ শুরু করার চেষ্টা চলছে বলে তারা জানিয়েছেন। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, স্কুল ফুড ফিডিং কর্মসূচি শুধু পুষ্টি নিশ্চিত করে না, বরং শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দ্রুত এই কার্যক্রম চালু না হলে ঝরে পড়ার হার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব এই ফুড ফিডিং চালু করার দাবি জানিয়েছে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, সহ স্থানীয়রা।
দৈনিক চেতনার কন্ঠ