সোহেল রানা
স্টাফ রিপোর্টার
রাজশাহীর-৫ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ খবর পেয়ে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পুঠিয়া সদরের ফায়ার সার্ভিস অফিসের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষকের নাম আবদুর রাজ্জাক (৫০)। তিনি উপজেলার ধোপাপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে। আবদুর রাজ্জাক উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে তিনি বেতন ছাড়াই শিক্ষকতা করে আসছিলেন। সম্প্রতি তার বেতনের অনুমোদন হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শী একই প্রতিষ্ঠার সহকারী শিক্ষক সবির উদ্দিন জানান, আমরা এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাড়ি ফিরছিলাম। আব্দুর রাজ্জাক মোটরসাইকেলযোগে ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে রাজশাহী থেকে আসা পাথরবোঝাই একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দৈনিক চেতনার কন্ঠ