ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহীর সাংবাদিক সমাজ-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অভিযোগ করেন, হামলার ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখনো তাদের গ্রেফতার করা হয়নি। এতে সাংবাদিক সমাজে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজের অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস ও অপরাধের তথ্য জনগণের সামনে তুলে ধরেন। তাদের ওপর হামলা শুধু একজন সাংবাদিকের ওপর নয়, বরং জনগণের তথ্য জানার অধিকার এবং স্বাধীন গণমাধ্যমের ওপরও আঘাত। তিনি হামলার সঙ্গে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সব অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মঈন উদ্দিন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নীরো ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, রিভার সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা রাব্বানী, সহ-সভাপতি মো. সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক মাসুদ আলী পুলক।

এছাড়াও উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মঈন উদ্দিন, নয়া দিগন্ত পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মোহাম্মদ আব্দুল আউয়াল, খোলা কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ রানা রাব্বানী, ভোরের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার রাজিব আলী রাতুলসহ বিভিন্ন জাতীয়, স্থানীয় ও অনলাইন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত পৌনে ১০টার দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার গাংপাড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন দৈনিক গণকণ্ঠ-এর মাল্টিমিডিয়া প্রতিনিধি ও বাংলাদেশ মেইল ২৪-এর সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। একই রাতে ক্যামেরাপার্সন আবিরের বাড়িতে হামলা চালিয়ে তার মা, বোন ও ৯ বছর বয়সী ছোট ভাই আব্রাহামকে মারধর করে আহত করা হয়।

এ ঘটনায় শাহমখদুম থানায় একাধিক চিহ্নিত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার মূল অভিযুক্তরা এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। তারা দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।#




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি