মোঃ বছির উদ্দিন
টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত ও আতঙ্কমুক্ত পরিবেশ বজায় রাখতে ‘ডমিনেশন পেট্রোল’ পরিচালনা করেছে যৌথবাহিনী। রোববার (৯ ফেব্রুয়ারি) দিনভর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও জনবহুল স্থানে এই টহল কার্যক্রম চালানো হয়।
এ সময় সেনাবাহিনী, পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী বিভিন্ন এলাকায় টহল দেয় এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালায়। পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের ডমিনেশন পেট্রোল নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী।
স্থানীয় ভোটাররা জানান, যৌথবাহিনীর এই টহল কার্যক্রমে তারা স্বস্তি বোধ করছেন এবং নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
দৈনিক চেতনার কন্ঠ