মোঃ বদরুজ্জামান বিপ্লব
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৫টায় উপজেলার ঐতিহ্যবাহী কাচারী মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ (ফুলবাড়ী, কুড়িগ্রাম সদর ও রাজারহাট) আসনে ১১ দলীয় জোট সমর্থিত এনসিপি প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। জনসভা শুরুর আগেই মাঠ ও আশপাশের এলাকা হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. আতিক মুজাহিদ বলেন, নির্বাচিত হলে কৃষকদের স্বার্থে আধুনিক হিমাগার স্থাপন করা হবে, যাতে তারা ফসল সংরক্ষণ করে ন্যায্যমূল্য পেতে পারেন। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের সমন্বিত উন্নয়নের মাধ্যমে পিছিয়ে পড়া কুড়িগ্রামকে এগিয়ে নেওয়াই তাঁর মূল লক্ষ্য।
তিনি অসৎ ও দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে শাপলা কলি প্রতীকে ভোট চান। পাশাপাশি তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে নিজের মোবাইল নম্বর মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া হবে, যাতে জনগণ সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত কুড়িগ্রাম গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।
জনসভা শেষে ড. আতিক মুজাহিদের নেতৃত্বে একটি নির্বাচনী র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মতিন ফারুকীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মুজাহিদকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দৈনিক চেতনার কন্ঠ