মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ১জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
১৪ সেপ্টেম্বর রোজ সোমবার রাত ১০ ঘটিকার সময় নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে ।
নিহতরা হলেন,
নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে মো. দয়াল মিয়া এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে এক অসুস্থ রোগীকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে স্পিডবোটটি চাতলপাড়ের দিকে ফিরছিলেন। রাস্তায় ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে বিপরীত দিক থেকে আসা একটি স্টিলের বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে স্পিডবোটে থাকা ৩জন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দয়াল মিয়া ও সজীব মিয়া কে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, ৩জন আহত অবস্থায় হাসপাতালে আসেন এর মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলাম ২জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
দৈনিক চেতনার কন্ঠ