মোহাম্মদ হোসাইন:
কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার এক রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে ১৬ এপিবিএন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চাকমারকুল রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২১ সংলগ্ন কেরুণতলী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কিশোরের নাম আব্দুর রহমান (১৬)। সে ক্যাম্প-২১-এর এ/৭ ব্লকের ৪৬ নম্বর ঘরের বাসিন্দা মো. রফিকের ছেলে।
১৬ এপিবিএনের চাকমারকুল ক্যাম্প সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে প্রতিবেশী কিশোর রফিক (১৭) ফুটবল খেলার কথা বলে আব্দুর রহমানকে বাসা থেকে ডেকে টেকনাফ শহরের জেলেপাড়া এলাকায় নিয়ে যায়। সেখানে যাওয়ার পর আব্দুর রহমান অপহরণের শিকার হয় বলে পরিবারের পক্ষ থেকে জানা যায়।
ঘটনার পর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সদস্যরা তৎপরতা শুরু করেন। এপিবিএনের তৎপরতার একপর্যায়ে অপহরণকারীরা বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আব্দুর রহমানকে ছেড়ে দেয় বলে সংশ্লিষ্টরা জানান।
পরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কেরুণতলী এলাকায় পৌঁছালে এপিবিএন সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান। পরে দুপুর ১টার দিকে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ