চট্টগ্রাম জেলা প্রতিনিধি
বাবলু নন্দী
মিরসরাইয়ের আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজনের অংশ হিসেবে কক্সবাজারে যাওয়া এক দশম শ্রেণির শিক্ষার্থী পূজা রানী দাস নিখোঁজ হয়েছে। বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীর বাবা অপু দাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে ১৭৫ জন শিক্ষার্থী ও শিক্ষক তিনটি বাসে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ফেরার সময় বাসে উঠতে নির্দেশ দেওয়ার পরও পূজা দাসকে পাওয়া যায়নি। শিক্ষকরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনো খোঁজ মেলেনি। পরে বিষয়টি ট্যুরিস্ট পুলিশ ও সংশ্লিষ্ট থানায় জানানো হয়, কিন্তু শিক্ষকরা মিরসরাই ফিরে আসেন।
নিখোঁজ শিক্ষার্থীর বাবা অভিযোগ করেছেন, “স্কুল থেকে পিকনিক নিয়ে গেছে এত দূর, কিন্তু প্রধান শিক্ষক এসে দায়িত্ব নিচ্ছেন না। সহকারী শিক্ষকও পথে নেমে যান, ফলে আমার মেয়ে সেখানে অপরাধমূলকভাবে ফেলে দেওয়া হয়েছে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং খোঁজ খবর নিয়ে দেখছেন।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে স্কুল কর্তৃপক্ষের নিরাপত্তা ও তদারকির ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে।
দৈনিক চেতনার কন্ঠ