মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।
রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, কচুয়া উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি কচুয়া উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নসহ ন্যায্য দাবি পূরণের আহ্বান জানান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। অবিলম্বে ৯ম পে-স্কেল বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচি চলাকালে প্রশাসনের প্রতি শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের আহ্বান জানানো হয় এবং দাবি মেনে নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।
দৈনিক চেতনার কন্ঠ