“পুলিশই জনতা, জনতাই পুলিশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর রেঞ্জের আওতাধীন কুড়িগ্রামের কচাকাটা থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টায় কচাকাটা থানার মাদারগঞ্জ বাজার এলাকায় এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুনতাসির মামুন মুন, সহকারী পুলিশ সুপার, ভূরুঙ্গামারী সার্কেল, কুড়িগ্রাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সোহেল রানা।
ওপেন হাউজে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গিবাদ, সন্ত্রাস, যৌতুক, ইভটিজিং, কিশোর গ্যাং, সাইবার বুলিং ও বাল্যবিবাহ প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে মাদারগঞ্জ বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা, দোকানে চুরি ও ছিনতাই প্রতিরোধ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং রাতের নিরাপত্তা
জোরদার বিষয়ে মতবিনিময় করা হয়।
বাজারের ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রস্তাবনা সরাসরি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তুলে ধরেন। পুলিশ কর্মকর্তারা সেগুলো গুরুত্বসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়। বাজার এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত টহল ও নজরদারি বৃদ্ধি করবে। তিনি অপরাধের বিষয়ে তথ্য দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে ওসি মোঃ সোহেল রানা বলেন, ওপেন হাউজ ডে পুলিশের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগের একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে পুলিশ ও ব্যবসায়ী সমাজের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, মাদারগঞ্জ বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা ওপেন হাউজ ডে আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
দৈনিক চেতনার কন্ঠ