টেকনাফ প্রতিনিধি: মোহাম্মদ হোসাইন
টেকনাফ পৌরসভার ভবন সীমান্তের জিরোলাইন এলাকায় নির্মাণ না করে জনসাধারণের যোগাযোগ সুবিধা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পৌরভবনটি শহরের মধ্যবর্তী সুবিধাজনক স্থানে (মিডল পয়েন্টে) স্থাপনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি চলছে।
“সীমান্তের জিরোলাইনে টেকনাফ পৌরসভার ভবন না করে সকলের যোগাযোগ সুবিধার্থে ও নিরাপত্তা নিশ্চিত করে পৌরভবন মিডল পয়েন্ট করার জন্য আমি নিজ ইচ্ছায় সরকারের কাছে স্বাক্ষর প্রেরণ করছি”—এই বক্তব্যকে সামনে রেখে গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কেকে পাড়া এবং ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ায় গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন খোরশেদ আলম দিদার, রুবায়েত হোসাইন, আবসার হোসাইন, তামজীদুল ফারুক প্রিয়মসহ স্থানীয় আরও অনেকে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মনে করেন, পৌরভবন এমন একটি স্থানে নির্মাণ করা প্রয়োজন, যাতে পৌরসভার সব ওয়ার্ডের বাসিন্দারা সহজে যাতায়াত করতে পারেন এবং নাগরিক সেবা গ্রহণে ভোগান্তি কমে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
গণস্বাক্ষরের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জনসাধারণের মতামত ও দাবি তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিক সুবিধা, যোগাযোগব্যবস্থা ও নিরাপত্তার বিষয়গুলো বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা করছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
জনগণের দাবি—যোগাযোগ সুবিধা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে টেকনাফ পৌরভবন নির্মাণের স্থান নির্ধারণ করা হোক।
দৈনিক চেতনার কন্ঠ