নূর মোহাম্মদ, পলাশ (নরসিংদী):
নরসিংদীর পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়কের ভাটপাড়া বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) এবং আশুলিয়ার মাতাইল দক্ষিণপাড়ার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে গাজীপুর থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল ৯টার দিকে অটোরিকশাটি পাঁচদোনার ভাটপাড়া এলাকায় পৌঁছালে একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির জোরালো সংঘর্ষ হয়।
সংঘর্ষে অটোরিকশাটির যাত্রী নুর উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যদিকে গুরুতর আহত সাইদুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে মাধবদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশার চালককে হেফাজতে নেয়।
মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
,,,,,
দৈনিক চেতনার কন্ঠ