সোহেল রানা স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মোঃ রাসেল মিয়া (৩০)। তিনি বাঘা উপজেলার চাকরিপাড়া (আঙ্গুর বাগানের পিছনে) এলাকার আনসার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন ২০২৬ তারিখ সন্ধ্যার পূর্বে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দহ সরকারপাড়া গ্রামের আব্দুস সামাদ ডাক্তারের বাড়ির সামনে পাকা সড়কের ওপর রাসেল মিয়াসহ কয়েকজন ব্যক্তি পরস্পর যোগসাজশে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও এলাকায় নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের সরকারবিরোধী স্লোগান দেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তারা স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ও ভয়ভীতি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর লিখিত অভিযোগের ভিত্তিতে বাঘা থানায় সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর—বাঘা থানা মামলা নং-১৬(৬)/২৬।
পুলিশ জানায়, ওই মামলার এজাহারনামীয় ১ নম্বর ও অন্যতম পলাতক আসামি রাসেল মিয়া দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার (২৬ আগস্ট) তাকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, মামলা দায়েরের পর থেকেই তিনি ঢাকার অজ্ঞাত স্থানে আত্মগোপনে ছিলেন।
এছাড়া পুলিশের তথ্য অনুযায়ী, রাসেল মিয়ার বিরুদ্ধে প্রায় অর্ধযুগ আগে থেকে বিভিন্ন সময়ে দায়ের হওয়া আরও ৮টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাঘা থানা পুলিশ জানিয়েছে, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
দৈনিক চেতনার কন্ঠ