মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার : কক্সবাজারে র্যাব-১৫ এর অভিযানে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল ইউনিয়নের খুরুশকুল আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৫-এর সিপিএসসি’র একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. রমিজ উদ্দিন (৫০)। তিনি কক্সবাজারের খুরুশকুল এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে।
র্যাব জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং দীর্ঘদিন ধরে পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে খুরুশকুল আশ্রয়ন প্রকল্পের ঝিনুক বিল্ডিংয়ের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি রমিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত রমিজ উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাকলিয়া থানায় একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়।
রায়ের পর থেকেই রমিজ উদ্দিন গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর শেষ পর্যন্ত র্যাবের অভিযানে খুরুশকুল আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ জানিয়েছে, অপরাধী ও পলাতক আসামিদের আইনের আওতায় আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক চেতনার কন্ঠ