ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে চুরি, সোনা উদ্ধারসহ গ্রেপ্তার ২

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
কচুয়ায় খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে চুরি, সোনা উদ্ধারসহ গ্রেপ্তার ২ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের কচুয়ায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে প্রবেশ করে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে চুরির ঘটনায় জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর তাঁতীবাজার থেকে ৩ ভরি ১ আনা ৪ রতি চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-কুমিল্লার হোমনা উপজেলার নিকলি ইউনিয়নের মৃত আকবর আলীর ছেলে মো. ইব্রাহিম (৫০) এবং মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মহর মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জুন কচুয়া পৌরসভার ওয়ালটন প্লাজার পাশের একটি ভবনের বাসিন্দা মোহাম্মাদ নুরুল ইসলামের (৪৮) বাসায় ভাড়া নেওয়ার কথা বলে ৪-৫ জনের একটি চক্র প্রবেশ করে। একপর্যায়ে গৃহবধূর সঙ্গে কথা বলার সময় কৌশলে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়। খাবার খেয়ে তারা অচেতন হয়ে পড়লে চক্রটি ঘরের আলমারি থেকে ৬ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও ড্রয়ারে থাকা ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী কচুয়া থানায় মামলা করেন। মামলার পর চাঁদপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হক, তদন্ত কর্মকর্তা এসআই রুবেল সরকার ও এসআই রুহুল আমিনের সমন্বয়ে বিশেষ টিম গঠন করা হয়।

পুলিশ জানায়, আধুনিক প্রযুক্তির সহায়তায় ও ধারাবাহিক অভিযান চালিয়ে প্রথমে ঢাকার ডেমরা এলাকা থেকে ইব্রাহিমকে এবং পরে মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার কোতোয়ালি থানার তাঁতীবাজার এলাকায় একটি স্বর্ণের দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে চুরি যাওয়া ৩ ভরি ১ আনা ৪ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক