ঢাকা | বঙ্গাব্দ

পলাশে দলিল রেজিস্ট্রিতে জালিয়াতি: ভুয়া ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
পলাশে দলিল রেজিস্ট্রিতে জালিয়াতি: ভুয়া ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নূর মোহাম্মদ, পলাশ (নরসিংদী):

নরসিংদীর পলাশ সাব-রেজিস্ট্রি অফিসে জালিয়াতির মাধ্যমে তৈরি করা ভুয়া খাজনার দাখিলা ব্যবহার করে দলিল রেজিস্ট্রি করার সময় রিফাত মোল্লা (২৪) নামে এক কথিত সিভিল কোর্ট কমিশনারকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেলে পলাশ সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

গ্রেপ্তারকৃত রিফাত মোল্লা শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের দক্ষিণ সাধারচর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। অভিযোগ রয়েছে যে, তিনি দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেকে একজন নিবন্ধিত ‘সিভিল কোর্ট কমিশনার’ হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। এই পরিচয় ব্যবহার করে তিনি দলিল লেখা, জমির পরিমাপসহ ভূমি সংক্রান্ত নানা কাজে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার উপজেলার ডাঙ্গা ইউনিয়নের একটি জমির দলিল রেজিস্ট্রি করার জন্য পলাশ সাব-রেজিস্ট্রি অফিসে আসেন রিফাত মোল্লা। এ সময় তার দাখিলকৃত খাজনার দাখিলা রশিদ দেখে সাব-রেজিস্ট্রার মো. মিজানুর রহমানের সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খানকে অবহিত করেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) দ্রুত সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করেন এবং খাজনার দাখিলাটি সম্পূর্ণ জাল বলে নিশ্চিত করেন।
জালিয়াতির সত্যতা নিশ্চিত হওয়ার পর রিফাত মোল্লাকে আটক করে পলাশ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ বিষয়ে পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান জানান, সাব-রেজিস্ট্রারের সন্দেহের ভিত্তিতে তদন্ত করে জালিয়াতির প্রমাণ পাওয়ায় সহকারী কমিশনারের অফিসের পক্ষ থেকে সংশ্লিষ্ট স্টাফ বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করেছেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন সংবাদমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অপরাধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স