এস এম পারভেজ তালুকদার, নাটোর প্রতিনিধি:
‘এক দেশ এক QR, লেনদেনে বাংলা QR’ এবং ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় চাঁচকৈড় বাজারের রসুনহাট এলাকায় এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংক পিএলসি চাঁচকৈড় উপশাখার আয়োজনে অনুষ্ঠিত প্রচারণামূলক কর্মসূচিতে ডিজিটাল লেনদেন ও বাংলা QR ব্যবহারের বিষয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা QR ব্যবহারের মাধ্যমে একই QR কোডে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে সহজে, নিরাপদে ও দ্রুত ডিজিটাল লেনদেন করা সম্ভব। নগদ টাকার ব্যবহার কমিয়ে প্রযুক্তিনির্ভর আধুনিক আর্থিক ব্যবস্থা গড়ে তোলা এবং দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে ‘এক দেশ এক QR’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিজিটাল পেমেন্ট ব্যবহারে মানুষকে আরও সচেতন করার লক্ষ্যে অনুষ্ঠানে ব্যবসায়ী গ্রাহকদের মাঝে QR কোড স্ট্যান্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি নাটোর শাখার ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ বিশারত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌর বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং গুরুদাসপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ দুলাল সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের এডিসি মোঃ কামরুজ্জামান, পূবালী ব্যাংক পিএলসি চাঁচকৈড় শাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মোঃ আরিফুল ইসলাম এবং চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আক্কাসসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি চাঁচকৈড় শাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মোঃ আরিফুল ইসলাম।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসি নাটোর শাখার ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ বিশারত আলী সম্মানিত ব্যবসায়ী গ্রাহকদের হাতে বাংলা QR কোডের স্ট্যান্ড তুলে দেন।
এ সময় বক্তারা ক্যাশলেস লেনদেনের সুবিধা গ্রহণ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলা QR ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
দৈনিক চেতনার কন্ঠ