স্টাফ রিপোর্টর: রাজশাহীর তানোরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৩০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩ হাজার ৭০ টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানা পুলিশের একটি দল উপজেলার পাঁচন্দর ইউনিয়নের নোনাপুকুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন ওই নারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৩০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তার ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তানোর থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।
দৈনিক চেতনার কন্ঠ