সোহেল রানা স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নকে উৎসাহিত করতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও নোসকো চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. শরিফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা।
এ সময় তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অতিথিরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
বক্তারা বলেন, একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি চারাকে বড় করে তোলার দায়িত্বও নিতে হবে।
তারা আরও বলেন, সবুজ ও নির্মল পরিবেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তার পাশে ও খালি জায়গায় বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে তানোরকে একটি সবুজ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের যে বার্তা দেওয়া হয়েছে, তা স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
দৈনিক চেতনার কন্ঠ