ফরিদপুর জেলা রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন
ফরিদপুরে বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন, উন্নয়ন পরিকল্পনার নানা ঘোষণা ফরিদপুর বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপিকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল ৪ টায় ফরিদপুর শহরের ব্যাংক এশিয়া মোড়, থানা রোড এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ইলিয়াস আলী মোল্লা, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদারেস আলী ইছা, বিএনপি নেতা সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর জেলা জামায়াতের আমির এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর মেডিকেল কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, "ফরিদপুরকে একটি বিভাগ, সিটি করপোরেশন এবং একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ এসব বাস্তবায়ন হবে। আমাদের প্রধান নেতা জনাব তারেক রহমান নিজে ফরিদপুরে এসে এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে গেছেন।"
তিনি আরও বলেন, "আগামীতে আমরা ক্ষমতায় আসতে পারি বা না-ও পারি, আমি ফরিদপুরবাসীর পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমার রাজনীতির মূল লক্ষ্য।"
কৃষি ও কৃষকের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "আমার নির্বাচনী এলাকায় প্রচুর পেঁয়াজ উৎপাদন হয়। কৃষকরা যাতে পেঁয়াজ সংরক্ষণ করে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন, সে জন্য সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি।"
সভাপতি স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন ।
দৈনিক চেতনার কন্ঠ