মোঃ রায়হান মিয়া কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এস.এস.সি ও এস.এস.সি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আব্দুল মবিন পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি মহিলা দলের সহ-সভাপতি ও মহিলা সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী নাজমুন নাহার বেবি। প্রধান অতিথির বক্তব্যে নাজমুন নাহার বেবি বলেন, “এই স্কুলটি আমার শ্বশুরের নামে প্রতিষ্ঠিত ছিল। যারা দেশে অরাজকতা সৃষ্টি করেছে, তারা আমার শ্বশুরের নাম পরিবর্তন করেছে।” তিনি আরও বলেন, “মিলন সাহেব শিক্ষা মন্ত্রী হওয়ার কারণে লেখাপড়া কঠিন করা হয়নি, বরং তিনি শিক্ষার্থীদের পড়াশুনা করার জন্য পড়ার টেবিলে বসিয়েছেন।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল। অনুষ্ঠানে মোট ১০৪ জন এসএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এসময় শিক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তর অঞ্চলের বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ মজুমদার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন পাটোয়ারী, সাবেক শিক্ষক মোঃ জসিম উদ্দিন, সাচার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল লতিফ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ দেলোয়ার পাটোয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও ভালো ফলাফল অর্জন করার জন্য দোয়া কামনা করা হয়।
দৈনিক চেতনার কন্ঠ