জুনাঈদ আল হাবিব
স্টাফ রিপোর্টার
ফোন:01608783515
উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। সকালেই বের হয় আকর্ষণীয় শোভাযাত্রা, যা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে শোভাযাত্রা হয়ে ওঠে প্রাণবন্ত। বিশেষ আকর্ষণ ছিল ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের ভিন্নধর্মী সাজ, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
দিনব্যাপী বৈশাখী মেলায় পিঠাপুলি, দেশীয় খাবার, হস্তশিল্পসহ গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ প্রদর্শিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে নববর্ষকে বরণ করে নেন স্থানীয় শিল্পীরা।
নিরাপত্তার কড়া ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ আয়োজনে কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ঈশ্বরগঞ্জ উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে।
দৈনিক চেতনার কন্ঠ