নাচোল প্রতিনিধি : মোঃ ইসমাইল হোসেন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক ও তার স্ত্রী আহত হয়েছেন।
শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে নাচোল উপজেলার ৩নং সদর ইউনিয়নের বেনিপুর গ্রামের সাকোপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন জানান, তিনি ঈদের উপহার সামগ্রী দিতে নিজ বাড়িতে গেলে স্থানীয় মারিফুল ইসলামসহ কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তারা তাকে এলোপাতাড়ি মারধর করেন।
তিনি আরও জানান, তাকে রক্ষা করতে তার স্ত্রী মুক্তা খাতুন এগিয়ে এলে হামলাকারীরা তাকেও মারধর করে। এতে মুক্তা খাতুনের কানের দুল ছিঁড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। হামলার সময় ইসমাইল হোসেনের নিচের চোয়ালের সামনে থাকা চারটি দাঁত ভেঙে যাওয়ার মতো ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহাদত হোসেন তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
এ ঘটনায় নাচোল থানার অফিসার ইনচার্জের (ওসি) সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সাথে জড়িত হিসেবে অভিযুক্তরা হলেন— মারিফুল ইসলাম (২২), তাহজিদা খাতুন (২৩), মার্জিনা বেগম (৪৮) ও তরিকুল ইসলাম (৫০)। তারা সবাই বেনিপুর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক ইসমাইল হোসেন আইনের প্রতি সম্মান রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
দৈনিক চেতনার কন্ঠ