চট্টগ্রাম জেলা প্রতিনিধি বাবলু নন্দী
চট্টগ্রাম ডিবি পুলিশ পরিচয় দিয়ে দুবাই ফেরত প্রবাসীর কাছ থেকে ছিনতাই করা স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন সোহেল ওরফে সোহেল রানা (৪০) এবং উত্তম চৌধুরী ওরফে রবি চৌধুরী (৪০)।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১৪ ফেব্রুয়ারি সকাল ৮টা ৩৫ মিনিটে দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শফিউল আলম (৩৮)। প্রায় ৯টা ৫০ মিনিটে বাসার উদ্দেশে রওনা দেন। তার সঙ্গে ছিল ৪টি স্বর্ণের নেকলেস, ১০টি আংটি, ২টি বালা, ৩টি চেইনসহ মোট ১০০ গ্রাম স্বর্ণ, যার বাজার মূল্য প্রায় ১৮ লাখ ৫০ হাজার টাকা। এছাড়াও সঙ্গে ছিল কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ ও নগদ ১ লাখ ১৯ হাজার টাকা।
একটি নোহা গাড়ি তার গাড়ির গতিরোধ করে চারজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মালামাল ছিনিয়ে নেন। ঘটনার পর শফিউল আলম খুলশী থানায় লিখিত অভিযোগ দেন।
পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি সোহেল রানাকে কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী হাটহাজারী থানার ইছাপুর বাজারে অভিযান চালিয়ে উত্তম চৌধুরীকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। পরে হাটহাজারী বাজারের এসএম শপিং সেন্টারের ‘বন্ধু সুন্দর জুয়েলার্স’ থেকে ৬৯.৩৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করেছেন, তারা বিদেশফেরত প্রবাসীদের টার্গেট করে ডিবি পরিচয়ে ছিনতাই করত। উদ্ধার করা স্বর্ণ উত্তম চৌধুরীর মাধ্যমে বিক্রি হতো। এছাড়া সোহেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি ছিনতাই মামলা রয়েছে বলে জানিয়েছেন।
দৈনিক চেতনার কন্ঠ