স্টাফ রিপোর্টার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের ভিড়কে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মাদারীপুরের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত অভিযানে মাদারীপুর–ঢাকা রুটে চলাচলকারী চন্দ্র পরিবহন, সার্বিক পরিবহন ও সোনালী পরিবহনের কাউন্টারে দায়িত্বরত এজেন্টদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নেওয়াজ শিশির। অভিযানে রাজৈর থানার পুলিশের একটি দলও অংশ নেয়।
আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জরিমানা আরোপ করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) বলেন, ভোটকে কেন্দ্র করে যাত্রী হয়রানি কোনোভাবেই বরদাশত করা হবে না। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নির্বাচনের পর কর্মস্থলে ফেরার সময় যাত্রীচাপ বাড়ায় এই সুযোগ কাজে লাগিয়ে কয়েকটি পরিবহনের স্টাফরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছিল—এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয় বলে জানিয়েছে প্রশাসন।
দৈনিক চেতনার কন্ঠ