মোঃ বদরুজ্জামান বিপ্লব
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকেলে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা সভাপতি মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ মিরাজ হোসেন এবং পূর্ব সাংগঠনিক থানা শাখার সভাপতি আতাউর রহমান।
এছাড়াও র্যালিতে অংশগ্রহণ করেন ছাত্রশিবির ফুলবাড়ী উপজেলা শাখার সাবেক সভাপতিবৃন্দ বেলাল হোসেন, আব্দুর রাজ্জাক, রোকোনুজ্জামান রতন, আব্দুল হালিম রানা, তাজুল ইসলামসহ সংগঠনের বর্তমান ও সাবেক বিপুল সংখ্যক নেতাকর্মী।
র্যালিতে অংশগ্রহণকারীরা “নারায়ে তাকবির, আল্লাহু আকবার”, “মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ”—এমন বিভিন্ন স্লোগানে পুরো শহর মুখরিত করে তোলে। শান্তিপূর্ণভাবে র্যালিটি কাচারি মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শবাদী ছাত্রসংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ মানবিক প্রজন্ম গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, বৈষম্যহীন সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দৈনিক চেতনার কন্ঠ