জুনাঈদ আল হাবিব স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে ‘হাতপাখা’ প্রতীকের এক কর্মীর ওপর সন্ত্রাসী হামলা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের সামনে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও দলটির নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।
সমাবেশে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার না করা হলে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শাহ্ নুরুল কবির শাহিন।
হামলায় আহত আনোয়ার হোসেন বাদী হয়ে সোহাগ সওদাগর (৩০)সহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শিমুলতলা মোড়ে নির্বাচনী প্রচারণা শেষে আনোয়ার হোসেন তার প্রতিবেশী ও হাতপাখা কর্মী মোশাররফ হোসেনকে নিয়ে চা পান করছিলেন। এ সময় অভিযুক্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। মারধরের একপর্যায়ে আনোয়ার হোসেনের বাম হাত ভেঙে দেওয়া হয় এবং সঙ্গে থাকা একটি আইফোন মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।
প্রতিবাদ সমাবেশে শাহ্ নুরুল কবির শাহিন বলেন, একটি বিশেষ মহল কালো টাকা বিতরণের সময় হাতপাখার কর্মীরা ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হয়ে এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। তিনি ২৪ ঘণ্টার মধ্যে মোবাইল ফোন উদ্ধারসহ হামলাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম দেন।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে সত্যতা মিললে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক চেতনার কন্ঠ