মোঃ গোলাম কিবরিয়া :স্টাপ রিপোর্টার
লক্ষীপুর জেলার গনিপুর গ্রামের বাসিন্দা, খলিফার বাড়ির আব্দুল মালেকের দুই ছেলে সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আব্দুল মালেক কামারহাট বাজারের একজন সুপরিচিত ব্যবসায়ী। তিন ছেলে ও এক মেয়ের জনক তিনি। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে সন্তানদের মানুষ করেছেন। প্রথমে বড় ছেলেকে সৌদি আরব পাঠান। পরবর্তীতে বড় ছেলে নিজের মেজো ভাইকে সৌদি আরবে নিয়ে যান। সেখানে দুই ভাই পরিশ্রমের মাধ্যমে নিজেদের অবস্থান গড়ে তোলেন এবং নিজস্ব গাড়িতে কাঁচামালের ব্যবসা শুরু করেন।
জানা যায়, ব্যবসার কাজে গভীর রাতে দুই ভাই একসঙ্গে মালামাল আনতে রওনা হন। পথে ঘুমের কারণে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়।
তাদের অকাল মৃত্যুতে গনিপুর গ্রামের সর্বস্তরের মানুষ গভীরভাবে শোকাহত। এলাকাবাসীর ভাষ্য, দুই ভাই ছিলেন অত্যন্ত ভদ্র, বিনয়ী ও সবার প্রিয়। তাদের আচার-আচরণ, ব্যবহার ও পরিশ্রমী জীবন সকলের কাছে প্রশংসিত ছিল। তাদের মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন এবং পুরো গ্রামে শোকের মাতম বিরাজ করছে।
এদিকে শোকাহত মা-বাবা শেষবারের মতো সন্তানদের মুখ দেখতে চান। কান্নাজড়িত কণ্ঠে মা বারবার সরকারের কাছে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আকুতি জানাচ্ছেন।
গনিপুর গ্রামের সর্বস্তরের জনগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্বজনরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস ও প্রশাসনের প্রতি মানবিক আবেদন জানিয়েছেন, যেন দ্রুত সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এই দুই প্রবাসী রেমিট্যান্সযোদ্ধার মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী।
দৈনিক চেতনার কন্ঠ