প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 12, 2026 ইং
সাংবাদিকদের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতার নির্দেশ সাওপের

নিজস্ব প্রতিবেদক:
দেশে ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় সাংবাদিকদের নিজেদের কর্মস্থল, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনসচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)।
সাওপের পক্ষ থেকে বলা হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করাই সবচেয়ে কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপগুলোর একটি। তাই সাংবাদিকদের নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও সাধারণ মানুষকে সচেতন করার জন্য সংবাদ, প্রতিবেদন ও প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে।
সাওপের নির্দেশনায় বলা হয়, বাসাবাড়ি, অফিস, সংবাদকর্মীদের কর্মস্থল, ছাদ, বারান্দা, নির্মাণাধীন ভবন ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। পরিত্যক্ত পাত্র, টায়ার, ডাবের খোসা, ফুলের টবসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে সেগুলো দ্রুত অপসারণ করতে হবে।
একই সঙ্গে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে জনগণকে সচেতন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ) মনে করে, সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনকারী নন—সমাজের গুরুত্বপূর্ণ জনসচেতনতা তৈরিতেও তাদের ভূমিকা রয়েছে। তাই “নিজে পরিষ্কার থাকুন, অন্যকে সচেতন করুন—ডেঙ্গু প্রতিরোধে সবাই এগিয়ে আসুন” এই বার্তা নিয়ে সাংবাদিকদের মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সাংবাদিকদের কণ্ঠস্বর—সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)।
© দৈনিক চেতনার কন্ঠ