প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2026 ইং
নাজিরপুর ইউনিয়নে ৪৩৫ জনের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ

এস এম পারভেজ তালুকদার, নাটোর জেলা ও গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ভিডব্লিউবি (VWB) কর্মসূচির আগস্ট মাসের চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে নাজিরপুর ইউনিয়ন পরিষদে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাজিরপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. জালাল উদ্দীন।
এ সময় ইউনিয়নের ৪৩৫ জন উপকারভোগীর মাঝে আগস্ট মাসের ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ করা হয়। চাল বিতরণের সময় উপকারভোগীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে নাজিরপুর ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সুষ্ঠু ও সুন্দরভাবে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করেন।
সংশ্লিষ্টরা জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের খাদ্য সহায়তা নিশ্চিত করতে ভিডব্লিউবি কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে উপকারভোগী নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করা হচ্ছে।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. জালাল উদ্দীন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত তালিকা অনুসারে উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম ছাড়াই স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে এ কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
চাল বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ এলাকায় উপকারভোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
© দৈনিক চেতনার কন্ঠ