প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 26, 2026 ইং
মহানবীর আদর্শ অনুসরণেই বিশ্বের সংঘাতের সমাধান: এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান

নূর মোহাম্মদ, পলাশ (নরসিংদী):
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, মহান আল্লাহ তায়ালা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, তা যেন সঠিকভাবে পালন করে এ দেশের মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করতে পারেন। তিনি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে কেবল জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শান্তি ও সম্প্রীতির আহ্বান
মন্ত্রী তার বক্তব্যে বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) বিশ্ব মুসলিম উম্মাহর জন্য একটি মহিমান্বিত দিন। মহানবী (সা.)-এর প্রদর্শিত জীবনাদর্শ এবং শান্তি ও সম্প্রীতির শিক্ষা আমাদের জাতীয় জীবনে অনুসরণ করা একান্ত প্রয়োজন। তিনি আরও যোগ করেন, "বর্তমান বিশ্বের হিংসা, সংঘাত ও নৈতিক অবক্ষয় থেকে উত্তরণের জন্য মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই"।
উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে নিবেদিত। তিনি দাবি করেন, বিগত সরকার ১৭ বছরে যা করতে পারেনি, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র ছয় মাসেই তার চেয়ে অনেক বেশি কাজ করেছে। রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ে অনুদান প্রদানের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে বেগবান করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুঁইয়া মিলটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার। এছাড়াও বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপি নেতা ফেরদৌস আহমেদ খোকন এবং স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন নেতৃবৃন্দ।
এর আগে দুপুরে মন্ত্রী চরনগরদীতে নিজ বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাঁর পিতা, সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খান এবং মাতা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন।
,,
© দৈনিক চেতনার কন্ঠ