প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 21, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে সুটারগান-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

সোহেল রানা স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানের ভেতর থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।
র্যাব-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠের একটি আমবাগানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি সুটারগান, একটি বুলেট, দুটি হাসুয়া, এক কেজি ৮৫০ গ্রাম গানপাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সেগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে এসব অস্ত্র ও সরঞ্জাম কারা সেখানে রেখেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি র্যাব। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
© দৈনিক চেতনার কন্ঠ