প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 11, 2026 ইং
ঈশ্বরগঞ্জে আঠারোবাড়ি বাজারে মোবাইল কোর্ট, ৫ ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

জুনাঈদ আল হাবিব
বিজ্ঞাপন ব্যবস্থাপ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি বাজারে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত আঠারোবাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।
অভিযানকালে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় অপরাধ সংঘটনের দায়ে পাঁচ ব্যবসায়ীকে পৃথকভাবে অর্থদণ্ড দেওয়া হয়। তাদের কাছ থেকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ সময় বাজারে মৎস্য ও পশু খাদ্য বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও সরকারি বিধিবিধান যথাযথভাবে মেনে চলার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে আইন অমান্য করে অনিয়মের মাধ্যমে ব্যবসা পরিচালনা করলে ভবিষ্যতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং বাজারে আইনশৃঙ্খলা ও পণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
© দৈনিক চেতনার কন্ঠ