প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 19, 2026 ইং
ঈশ্বরগঞ্জে অভিযানে ৬০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

জুনাঈদ আল হাবিব
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৬০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার জাটিয়া ইউনিয়নের সুটিয়া এলাকার একটি জলাশয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মায়মুনা জাহানের নেতৃত্বে এ অভিযান
পরিচালিত হয়। অভিযানে জলাশয়ে পেতে রাখা প্রায় ৬০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল ধ্বংসের জন্য উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মায়মুনা জাহান জানান, দেশীয় মাছের প্রজনন মৌসুমে মা মাছ, ডিম ও পোনা মাছ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ চায়না দুয়ারি ও অন্যান্য অবৈধ জালের ব্যবহার জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। তাই মৎস্য বিভাগ এ ধরনের জালের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে।
তিনি আরও জানান, আইন অনুযায়ী জব্দকৃত জাল ধ্বংস করা হবে। একই সঙ্গে অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান এবং জেলেদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ঈশ্বরগঞ্জের বিভিন্ন নদী, খাল ও জলাশয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের অবাধ ব্যবহারের খবর প্রকাশিত হয়। এসব জালের কারণে দেশীয় মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর উপজেলা মৎস্য বিভাগ দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ জাল জব্দের এ পদক্ষেপ গ্রহণ করে।
© দৈনিক চেতনার কন্ঠ