প্রিন্ট এর তারিখঃ Jun 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 14, 2026 ইং
কেদার মহিলা মহাবিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন

মোছাঃ জোসনা খাতুন:
বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রধান উৎসব বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে কচাকাটা কেদার মহিলা মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গণ ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজে এসে শেষ হয়।পরে কলেজ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে নাচ, গান, কবিতা আবৃত্তি ও বৈশাখী পরিবেশনায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত সবাই মুগ্ধ হন।
এ সময় কলেজের অধ্যক্ষ বলেন, বাংলা নববর্ষ বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। নতুন প্রজন্মকে এই সংস্কৃতির সাথে পরিচিত করতে এবং দেশীয় ঐতিহ্যের প্রতি ভালোবাসা জাগাতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
© দৈনিক চেতনার কন্ঠ