প্রিন্ট এর তারিখঃ Jun 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 9, 2026 ইং
গোমস্তাপুরে জমি বিক্রির নামে ৭ লাখ টাকা প্রতারণা: পাওনা চেয়ে হুমকির মুখে বৃদ্ধ এখন শয্যাশায়ী

নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ):
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে জমি বিক্রির কথা বলে ৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে রেজিস্ট্রি না দিয়ে উল্টো প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে। বিবাদীদের অব্যাহত মানসিক চাপ ও হুমকির মুখে ভুক্তভোগী বৃদ্ধ সমশের মন্ডল (৭৮) বর্তমানে স্ট্রোক ও পারকিনসন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী।ভুক্তভোগীর নাতি রাজিব আলীর অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালে বিরামপাড়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে জুবায়ের আলী জুয়েল (৪০) তার ১ বিঘা ১৭ কাঠা জমি বিক্রির প্রস্তাব দেন। রাজিবের দাদা সমশের মন্ডল ৯ লক্ষ ২০ হাজার টাকায় ওই জমি কিনতে সম্মত হন। স্বাক্ষীদের উপস্থিতিতে নগদ ৭ লক্ষ টাকা বায়না হিসেবে গ্রহণ করেন জুয়েল। অবশিষ্ট টাকা এক বছরের মধ্যে পরিশোধ সাপেক্ষে জমি রেজিস্ট্রি করার প্রতিশ্রুতি দিয়ে জামানত হিসেবে অগ্রণী ব্যাংকের একটি চেক (নং- ৬২৯৭৫৭১) এবং ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে দেন তিনি।নির্ধারিত সময় পেরিয়ে গেলেও জমি রেজিস্ট্রি দিতে টালবাহানা শুরু করেন জুয়েল ও তার পরিবারের সদস্যরা। গত ২৬ আগস্ট ২০২৪ তারিখে সমশের মন্ডল পাওনা জমি রেজিস্ট্রি করার অনুরোধ নিয়ে বিবাদীদের বাড়িতে গেলে ১নং বিবাদী জুবায়ের আলী জুয়েলসহ তার ভাই জালাল, রুবেল এবং বাবা বাহার উদ্দিন তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এসময় তারা টাকা বা জমি কোনোটিই ফেরত দেবে না বলে সাফ জানিয়ে দেন এবং বৃদ্ধকে প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেন।এই আকস্মিক ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে ওই বৃদ্ধ ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান তিনি স্ট্রোক করেছেন। বর্তমানে তিনি শয্যাশায়ী স্থানীয় সূত্রে জানা গেছে, ১নং বিবাদী জুবায়ের আলী জুয়েল একজন পেশাদার প্রতারক। এর আগেও তিনি চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। পাওনা টাকা চাওয়ায় নিজের আপন ভাইকে মারধর করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। রাজিব আলী জানান, "বিবাদীরা আমার দাদার সরলতার সুযোগ নিয়ে বিশ্বাসভঙ্গ করেছে। আমরা আমাদের টাকা অথবা জমি ফেরত চাই এবং এই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"
© দৈনিক চেতনার কন্ঠ