চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক বিরোধের জেরে সৃষ্ট কোন্দল ও হট্টগোলের ঘটনা ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক ফটো সাংবাদিক। এ সময় তার মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
জানা গেছে, হামলার শিকার ফটো সাংবাদিক মো. জিয়ারুল ইসলাম (৪৬) দৈনিক ঢাকা পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এ ঘটনায় তিনি আওয়ামী লীগ নেতা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. দুলাল আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জিডি ও ভুক্তভোগীর বক্তব্য সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের আজাইপুর এলাকায় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হট্টগোলের সৃষ্টি হয়। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে ভিডিও ধারণ করতে গেলে আওয়ামী লীগ নেতা দুলাল আলী ও তার সহযোগীরা ফটো সাংবাদিক মো. জিয়ারুলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি শারীরিকভাবে আহত হন।
ভুক্তভোগী সাংবাদিক জানান, হামলার একপর্যায়ে তার মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয় এবং প্রাণনাশের হুমকিসহ নানাভাবে ভয়ভীতি দেখানো হয়। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। বাধ্য হয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম রাসেল কবীর বলেন, ঘটনার প্রাথমিক তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।