প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
নওগাঁ শহরে ছিনতাই চক্রের দৌরাত্ম্য বন্ধে ডিবি পুলিশের অভিযান : দুই ছিনতাইকারী আটক

সোহেল রানা,
স্টাফ রিপোর্টার :
নওগাঁ শহরে ভয়ভীতি দেখিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তাদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে ভুক্তভোগী ইমন ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের সামনে পৌঁছালে দুই-তিনজন ছিনতাইকারী চাকু দিয়ে ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ও গলায় থাকা একটি রুপার চেইন ছিনিয়ে নেয়। একই এলাকায় পৃথক আরেকটি ঘটনায় স্কুলগামী এক শিশুর কাছ থেকেও ভয় দেখিয়ে কিছু টাকা ছিনতাই করা হয়।
ঘটনার পর ভুক্তভোগীদের অভিভাবকরা বিষয়টি নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-কে অবহিত করেন। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে তিনি জেলা গোয়েন্দা শাখাকে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেন।
এরপর জেলা গোয়েন্দা শাখা তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ, ভুক্তভোগী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে শনাক্ত করে গ্রেপ্তার করে।
আটককৃতরা হলো—
১. তানভির (২০), পিতা: আজিজুল সরদার, সাং: চকদেব পাড়া, থানা ও জেলা: নওগাঁ।
২. রিফাত (১৯), পিতা: দেলোয়ার, স্থায়ী ঠিকানা: আগ্রাদিগুন, থানা: ধামইরহাট; বর্তমান ঠিকানা: উকিল পাড়া, থানা ও জেলা: নওগাঁ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাকুর ভয় দেখিয়ে নির্জন এলাকায় শিশু ও কিশোরদের টার্গেট করে টাকা ছিনতাই করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© দৈনিক চেতনার কন্ঠ