প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
টাঙ্গাইলে মির্জাপুরে তিতাসের অবৈধ গ্যাস ব্যবহার শনাক্তকরণ ও গ্যাস লাইন বিচ্ছিন্ন

বসির আহমেদ
মির্জাপুর টাঙ্গাইল (প্রতিনিধি)
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সারাদিন ব্যাপি মির্জাপুর পৌরসভার ১নং ও ২ নং ওয়ার্ডের দক্ষিণাংশে জহুরবাড়ির মোড় থেকে এ অভিযান পরিচালনা করা হয়। টাঙ্গাইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহানের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
এ অভিযানে ৬৩০ ফুট (৩/৪ ইঞ্চি) পাইপলাইন অপসারণ, ৪০টি বাড়ির ১৫০ ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১ ইঞ্চি অবৈধ বিতরণ লাইনের উৎসমুখ স্থায়ীভাবে বিচ্ছিন্ন, ৩/৪ ইঞ্চি ব্যাসের ৭ টি অবৈধ গ্যাস সরবরাহের উৎসমুখ স্থায়ীভাবে বিচ্ছিন্ন এবং ৭টি রাইজার বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ৪টি সম্পূর্ণ অবৈধ রেগুলেটর জব্দ করা হয়। অনুমোদন অতিরিক্ত চুলায় গ্যাস ব্যাবহারের জন্য ২ জন গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। যার সর্বমোট বিচ্ছিন্নকৃত লোড ৩,১৫০ ঘনফুট গ্যাস পার ঘন্টা। অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে এপর্যন্ত ০৮ জনকে অবৈধ গ্যাস ব্যবহারকারায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান ও টাঙ্গাইল তিতাস’র (জোনাল বিক্রয় অফিস) ব্যবস্থাপক প্রকৌশলী মো. জুয়েল রানা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা বিশেষ এক অভিযান পরিচালনা করে অবৈধ ব্যবহারকারীদের শনাক্ত এবং জরিমানা আদায় করেছি। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ অভিযানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , তিতাস টাঙ্গাইলের সহকারী প্রকৌশলী মো. রঞ্জন আলী, সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, সহকারী প্রকৌশলী মাহাবুবা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পেশকার মো. মিজানুর রহমানসহ পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
© দৈনিক চেতনার কন্ঠ