প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 14, 2026 ইং
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে জামানত হারালেন ৩ প্রার্থী

মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের ১ সংসদীয় আসনে অংশ নেওয়া মোট তিনজন প্রার্থী জামানত হারিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আল-মামুন মিয়া নিজ কার্যালয়ের হলরুমে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। জয়পুরহাট-১ সদর ও পাঁচবিবি আসনে মোট প্রদত্ত ভোট ছিল ৩ লাখ ৪১ হাজার ৫৫৬টি। এ আসনে কাঁচি প্রতীকে ৬১৭ ভোট পেয়ে জামানত হারান বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) সমর্থিত প্রার্থী তৌফিকা দেওয়ান। মই প্রতীকে ৫৭৮ ভোট পেয়ে জামানত হারান বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ প্রার্থী অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ। এছাড়া ঘোড়া প্রতীকে ১৩ হাজার ২৮৬ ভোট পেয়েও জামানত রক্ষা করতে পারেননি স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা। অপরদিকে, এ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬৩ হাজার ৮৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী মাসুদ রানা প্রধান পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৩৫ ভোট। এ আসনে ভোটগ্রহণের হার ছিল ৭৩ দশমিক ২৫ শতাংশ।
© দৈনিক চেতনার কন্ঠ