প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 13, 2026 ইং
৬৮,৭২১ ভোটের ব্যবধানে মির্জাপুরে ধানের শীষের জয়

বছির আহমেদ | মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) সংসদীয় আসনে ৬৮ হাজার ৭২১ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, মোট ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ ভোটারের মধ্যে ২ লাখ ১৩ হাজার ৭৮৫ জন ভোট প্রদান করেছেন। এতে গড় ভোটার উপস্থিতি ছিল ৫৮ দশমিক ৬ শতাংশ। এ আসনে মোট ৪৪টি ভোট বাতিল হয়েছে।
একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ১২৬টি ভোটকেন্দ্রের প্রাথমিক ফলাফলে, ধানের শীষ প্রতীক নিয়ে আবুল কালাম আজাদ সিদ্দিকী পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ এবনে আবুল হোসেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট।
এছাড়া বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী মো. তোফাজ্জল হোসেন হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪৯২ ভোট।
উল্লেখ্য, মির্জাপুর আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮৭১ জন, মহিলা ভোটার ১ লাখ ৮৬ হাজার ৫৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।
© দৈনিক চেতনার কন্ঠ