প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 13, 2026 ইং
জামাত-শিবিরের সন্ত্রাসী হামলার অভিযোগ

শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের এক নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলীল ইউসুফী 'র বাড়িতে গতকাল ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি: রোজ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে হামলা চালানো হয়। স্থানীয় একটি সেন্টারে দেয়াল ঘড়ির জয়লাভের পর একটি মিছিল বের করা হয় এবং মিছিলটি পরবর্তীতে ইউসুফী সাহেবের বাড়ির দিকে অগ্রসর হয়ে সেখানে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। যদিও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি, তবে ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বানিয়াচং উপজেলা শাখার আহ্বায়ক মোবাশ্বির আহমেদ মজনু এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের নেতার বাড়িতে এ ধরনের হামলা গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহাবস্থানের জন্য গুরুতর হুমকি। তিনি অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অন্যদিকে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
© দৈনিক চেতনার কন্ঠ