প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 8, 2026 ইং
১২ তারিখের পর কেউ চাঁদাবাজি করলে আমার লাশের ওপর দিয়েই করতে হবে” — মাজেদ বাবু
জুনাঈদ আল হাবিব স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, একবার আমাকে ধানের শীষে ভোট দিয়ে সুযোগ দিন।
আমি দৃঢ়ভাবে কথা দিচ্ছি—১২ তারিখের পর ঈশ্বরগঞ্জে
জাতীয়তাবাদীদের নাম ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজিতে জড়ায়, তাহলে তা আমার লাশের ওপর দিয়েই করতে হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এমপি নির্বাচিত হলে ঈশ্বরগঞ্জে কোনো চাকরি অর্থের বিনিময়ে দেওয়া হবে না—এ বিষয়ে আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি। তিনি বলেন, এই ঈশ্বরগঞ্জে আমি থেকে আমরা হয়ে একতার ভিত্তিতে একটি সুন্দর ঈশ্বরগঞ্জ গড়ে তুলতে চাই।
এটিই আমার রাজনৈতিক দর্শন ও লক্ষ্য।
উপজেলা ও পৌর বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই জনসভায় দুপুর ৩টা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে নারী-পুরুষ ভোটাররা দলে দলে সমাবেশস্থলে আসতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।
এ সময় কর্মী-সমর্থকদের ভ্যানে তৈরি প্রতীকী জমিতে ধানের চারা রোপণ করে স্লোগান দিতে দেখা যায়।
‘লাগারে লাগা, ধান লাগা’, ‘ভোট দিব কিসে—ধানের শীষে’সহ নানা স্লোগানে মিছিল ও সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে।
ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল মজিদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হক, সদস্য সচিব মো. নূরে আলম জিকু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশিদ, মো. আহসান পারভেজ, অ্যাডভোকেট শাহজাহান সাজু, শাহজাহান জয়পুরী, মো. সাইফুল ইসলাম চকদার ঝুলনসহ আরও অনেকে।
জনসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© দৈনিক চেতনার কন্ঠ