প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 8, 2026 ইং
ঈশ্বরগঞ্জে সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করতে সম্প্রীতির পদচারণা ও লিফলেট বিতরণ

জুনাঈদ আল হাবিব স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্প্রীতির পদচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা প্রশাসন, সুশাসনের জন্য নাগরিক (সুজন), পিএফজি ও ওয়াই পিএফজির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পদচারণাটি শেষ হয়।
কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব আরিফুল ইসলাম। এ সময় তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
পদচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহকারী রিটারনিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা।
কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণের মাঝে শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্ব তুলে ধরা হয় এবং সহিংসতা পরিহারের আহ্বান জানানো হয়।
© দৈনিক চেতনার কন্ঠ