আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল-আমনুরা সড়কে অবস্থিত ঐতিহাসিক ইলামিত্র গেটটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। গেটটির বিভিন্ন অংশে অবহেলা ও অযত্নের ছাপ দেখা গেলেও দীর্ঘদিন ধরে কোনো দৃশ্যমান সংস্কারকাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় গেটটি দ্রুত সংস্কার ও দৃষ্টিনন্দন করার দাবি জানিয়েছেন তারা।
জানা যায়, ইলা মিত্র ছিলেন তেভাগা আন্দোলনের অন্যতম প্রধান নেত্রী। ১৯৪৬ সালে তেভাগা আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জের নাচোল অঞ্চলে কৃষক ও সাঁওতাল জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কৃষকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর সাহসী নেতৃত্ব ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। স্থানীয় কৃষক ও সাঁওতাল জনগোষ্ঠীর কাছে তিনি 'রাণী মা' হিসেবেও পরিচিত ছিলেন।
ইলা মিত্রের স্মৃতি ও ঐতিহাসিক আন্দোলনের তাৎপর্যকে স্মরণীয় করে রাখতে নাচোল-আমনুরা সড়কের পাশে নির্মিত হয়েছে এই ইলামিত্র গেট। প্রতিদিন এ সড়ক দিয়ে অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে। ফলে গেটটি শুধু একটি স্থাপনা নয়, বরং এলাকার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গেটটির যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংস্কার করা হচ্ছে না। ফলে ধীরে ধীরে এর সৌন্দর্য নষ্ট হচ্ছে। অথচ ঐতিহাসিক এই স্থাপনাটি সংরক্ষণ করা হলে নতুন প্রজন্ম তেভাগা আন্দোলন ও ইলা মিত্রের সংগ্রামী ইতিহাস সম্পর্কে জানতে পারবে।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত গেটটির সংস্কার, রং করা, আশপাশের আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার এবং সার্বিক সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেবে। পাশাপাশি ভবিষ্যতে স্থাপনাটির নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
তাদের মতে, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ শুধু অতীতকে স্মরণ করা নয়, বরং নতুন প্রজন্মের কাছে গৌরবময় ইতিহাস তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই অবহেলায় পড়ে থাকা ঐতিহাসিক ইলামিত্র গেটটি দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
দৈনিক চেতনার কন্ঠ